শাকির হোসাইন::
ইংল্যান্ডের ওয়েস্ট মার্সি বিচে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। গ্রীষ্মের ছুটি কাটাতে যাওয়া একটি ব্রিটিশ-বাংলাদেশি পরিবারের আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। বুধবার বিকেলে পরিবারের সদস্যরা সমুদ্রের তীরে অবস্থান করছিলেন। এ সময় একটি শিশু হঠাৎ জোয়ারের তীব্র স্রোতে ভেসে যেতে দেখে শিশুটিকে বাঁচাতে দ্বিধা না করে পানিতে ঝাঁপ দেন ৪২ বছর বয়সী শেলী রহমান এবং তার ১৫ বছর বয়সী মেয়ে সামিয়া রহমান । কিন্তু প্রবল স্রোতের সঙ্গে লড়াই করতে গিয়ে তারাও তলিয়ে যান। সাগরের পানিতে ডুবে মৃত্যু হয় মা-মেয়ের । এছাড়া ৯ বছর বয়সী স্বজন মুসা আহমেদ -এর মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েছে।
নিহত শেলী রহমান ছিলেন যুক্তরাজ্য যুবদলের নেতা ডাক্তার মনসুর রহমানের স্ত্রী এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি মুজিবুর রহমানের কন্যা ।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় Essex Police, HM Coastguard, RNLI-এর লাইফবোট, এয়ার অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সেবা। দীর্ঘ উদ্ধার অভিযান চালানো হলেও তিনজনকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দি টাইমস জানিয়েছে, ওই এলাকায় জোয়ারের পানি খুব দ্রুত বেড়ে যায় এবং স্রোত অত্যন্ত শক্তিশালী ছিল। অনেকেই সাহায্যের চেষ্টা করেছিলেন, তবে পরিস্থিতি কয়েক মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ এখনও ঘটনাটির তদন্ত করছে এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য দিতে আহ্বান জানিয়েছে।এদিকে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম হার্লো সফরকালে জরুরি সেবাকর্মীদের ধন্যবাদ জানিয়ে ঘটনাটিকে “অত্যন্ত দুঃখজনক” বলে মন্তব্য করেছেন।
এই ঘটনা আমাদের জন্যও একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। যুক্তরাজ্যের সমুদ্রসৈকতে বিশেষ করে জোয়ারের সময় পানির স্রোত অত্যন্ত বিপজ্জনক হতে পারে। শিশুদের কখনো একা পানির কাছে যেতে দেওয়া উচিত নয়। কেউ স্রোতে পড়ে গেলে নিজের জীবন ঝুঁকিতে না ফেলে দ্রুত ৯৯৯ নম্বরে ফোন করে Coastguard-এর সাহায্য চাওয়াই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।