নিউজ ডেস্ক::
লন্ডনের গণপরিবহন সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডন বা TfL-এর ওপর ইতিহাসের অন্যতম বড় সাইবার হামলার ঘটনায় ২০ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি তরুণ তালহা জুবায়ের কে যুক্তরাজ্যের আদালত ৫ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে। একই সাজা হয়েছে তার সহযোগী ওয়েন ফ্লাওয়ার্সেরও।
তদন্তকারী সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি বা NCA বলছে, তারা কুখ্যাত হ্যাকার নেটওয়ার্ক Scattered Spider -এর গুরুত্বপূর্ণ সদস্য ছিল।

তদন্তে জানা গেছে, তালহা পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় একটি কাউন্সিল ফ্ল্যাটে বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন। তার বাবা একজন কেয়ার অ্যাসিস্ট্যান্ট এবং মা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করতেন। আদালতে জানানো হয়, তালহা তাদের একমাত্র সন্তান। তার পরিবার নিয়মিত আদালতে উপস্থিত ছিল এবং রায় ঘোষণার সময় মাকে আবেগাপ্লুত হতে দেখা যায়।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, TfL-এর এই হামলায় সংস্থাটির প্রায় ২৯ মিলিয়ন পাউন্ড ক্ষতি হয়েছে। হাজার হাজার কর্মীকে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়েছে এবং বহু ডিজিটাল সেবা দীর্ঘ সময় ব্যাহত ছিল।
বিচারক বলেন, অভিযুক্তরা তাদের প্রযুক্তিগত দক্ষতা জনকল্যাণে নয়, বরং আত্মপ্রচার ও দম্ভের জন্য ব্যবহার করেছে। তদন্তে আরও উঠে এসেছে, তালহার বিরুদ্ধে এর আগেও সাইবার অপরাধের একাধিক মামলা ছিল এবং যুক্তরাষ্ট্রেও তার বিরুদ্ধে সাইবার অপরাধসংক্রান্ত অভিযোগ রয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের অভিযোগগুলো এখনও সেখানকার বিচারিক প্রক্রিয়াধীন।